প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন। বুধবার জাপানের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের, জেটরোর, প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী জেটরোর ভূমিকার প্রশংসা করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে উন্নত উৎপাদনশিল্প, আইসিটি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে জাপানি বিনিয়োগ চান। উভয় পক্ষ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের জন্য গুরুত্বপূর্ণ বলে একমত হয়।
প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চান। বৈঠকে বলা হয়, এসব উদ্যোগ জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করতে সহায়ক হবে। কাতাওকা সুসুমু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিকে সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য বলেন। প্রধানমন্ত্রী তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।