স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, সরকার আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে। শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত এবং তাদের অনেকেই দীর্ঘমেয়াদি ক্ষতির বিষয়টি জানেন না। কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্তে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সঙ্গে এটিকেও প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে রোগ শনাক্তকরণে কাজ করবেন।
কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহায়তায় দক্ষ জনবল তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে বলে জানান ড. এম এ মুহিত। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ সভাপতিত্ব করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।