নেপালে ভয়াবহ বন্যা ও হিমবাহধসে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ঢাকার নেপাল দূতাবাসে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন এবং নেপাল সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবইয়ে স্বাক্ষরের পর মিয়া গোলাম পরওয়ার ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত তাঁকে সাম্প্রতিক দুর্যোগ ও প্রাণহানির বিষয়ে অবহিত করেন। দুর্যোগ শুরুর পর থেকে জামায়াতের নিয়মিত সহযোগিতা ও আন্তরিক সহানুভূতি প্রকাশের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানানো হয়। পরওয়ার বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশ ও জামায়াতে ইসলামী নেপালের জনগণের পাশে রয়েছে। তিনি নেপাল সরকার, উদ্ধারকারী দল ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি জানান এবং মানবিক উদ্যোগের সাফল্য কামনা করেন। দুই দেশের মানুষের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই দুঃসময়ে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।