সুন্দরবনে পৃথক দুটি অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে এবং অস্ত্রসহ এক বনদস্যুকে আটক করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় বনদস্যু দমনে পরিচালিত “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ১৫ এপ্রিল জয়মনিঘোল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত দুই জেলেকে ১৬ এপ্রিল বিকালে মুর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল সকালে শ্যামনগরের হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে দয়াল বাহিনীর সদস্য তরিকুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। তার কাছ থেকে দুটি একনলা বন্দুক ও নয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ চলছে। সংস্থাটি জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।