মন্ত্রিসভায় অনুমোদনের পর আইনসভায় বিল পাঠাতে দেরি হওয়ায় জাতীয় সংসদে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল উত্থাপনের পর আলোচনায় তিনি বলেন, সব সদস্য যাতে আইন দেখে আসতে পারেন, সে জন্য বিল দ্রুত সংসদে পাঠানো উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি দুই কার্যদিবসের মধ্যে পরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। জামায়াতের নাজিবুর রহমান কমিটির জন্য সময় বেঁধে দেওয়ার বিরোধিতা করে বলেন, এতে অংশীজন ও প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলার সুযোগ সীমিত হতে পারে। তিনি বলেন, ৩০ কার্যদিবস পার হলেও বিল ল্যাপস হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ না বাড়লে ৮ বা ৯ সেপ্টেম্বরের মধ্যে আইনগুলো পাস করতে হবে এবং বিলটি সব সদস্যের কাছে পাঠানো হয়েছে। ডেপুটি স্পিকার বলেন, সবাই বিল পাননি। তিনি ১০ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিলের উদাহরণ দিয়ে নির্বাহী বিভাগকে সময়মতো ৩৪৯ সদস্যের কাছে বিল পৌঁছানোর আহ্বান জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।