জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ও আধা-সরকারি ফার্সের প্রতিবেদনের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপকালে গুতেরেস এই মূল্যায়ন দেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পেজেশকিয়ান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন দাবিকে তিনি ভুল ধারণা ও বানোয়াট বলে উল্লেখ করেন। ইরনার তথ্যমতে, তিনি বলেন ইরানের লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক জ্ঞান ও প্রযুক্তি অর্জন এবং এর সুফল ভোগ করা, পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান কূটনৈতিক আলোচনা থেকে সরে আসেনি। তবে কূটনীতির বারবার ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের আর কোনো আস্থা নেই। গুতেরেস জানান, মধ্যপ্রাচ্য সফরের সময় তিনি ওই অঞ্চলের দেশগুলোকে কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন করার আহ্বান জানাবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।