সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, দিনাজপুরে অচিরেই একটি ক্যাডেট কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে। তিনি জানান, দুটি প্রতিষ্ঠানের অনুমোদন ইতোমধ্যে হয়েছে। শুক্রবার রাত ৮টায় দিনাজপুর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জাহাঙ্গীর আলম বলেন, যুবকদের যে কাজ করার কথা ছিল, এলাকার মুরব্বিরা সেই কাজগুলো করছেন। এ কাজে সবাইকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য দিনাজপুরবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দিনাজপুরের চেহারা পাল্টে যাবে। তিনি যুবসমাজকে মাদকাসক্তি ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসারও আহ্বান জানান।
সংস্থার সভাপতি সাদেক মিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবা, ব্যবসা, পুলিশ, ধর্মীয় ও রাজনৈতিক প্রতিনিধিরা বক্তব্য দেন বা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণও কামনা করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।