ইসরাইল সরকার অধিকৃত পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের একটি প্রস্তাব অনুমোদন করেছে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের পর এই প্রথম এমন সিদ্ধান্ত নেওয়া হলো। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে একে আইনত অবৈধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে বর্ণনা করেছে।
রোববার ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা এবং অবৈধ বসতি সম্প্রসারণকে এগিয়ে নেওয়া। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অধিকৃত জমিকে রাষ্ট্রীয় সম্পত্তিতে রূপান্তরের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হচ্ছে এবং অবৈধ বসতি ও সংযুক্তির অপরাধকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা নিন্দনীয়।
মন্ত্রণালয় আরও জানায়, এই সিদ্ধান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর পরিপন্থী, যেখানে পূর্ব জেরুজালেমসহ সকল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।