দেশে অপরিণত নবজাতকের জন্মহার আনুমানিক ১৬.২ শতাংশ বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশ্ব অপরিণত নবজাতক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগ ও বাংলাদেশ নিওনেটাল ফোরাম যৌথভাবে, প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করে।
বক্তারা বলেন, অপরিণত জন্ম এখনো একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এনআইসিইউ, আধুনিক শ্বাস-প্রশ্বাস সহায়তা এবং ক্যাঙ্গারু মাদার কেয়ারের উন্নয়নে অপরিণত নবজাতকের বেঁচে থাকার হার বেড়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্রের পরও এসব শিশুর নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচর্যা অত্যন্ত জরুরি বলে তারা উল্লেখ করেন।
চিকিৎসকদের মতে, নিয়মিত অনুসরণমূলক পরিচর্যায় শিশুর শারীরিক ও স্নায়বিক বিকাশ, দৃষ্টি ও শ্রবণসংক্রান্ত সমস্যা এবং অন্যান্য জটিলতা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। সেমিনারে বৈজ্ঞানিক অধিবেশন, উপস্থাপনা, প্রশ্নোত্তর ও প্যানেল আলোচনা হয়। দিবসের প্রতিপাদ্যে অপরিণত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় নিয়মিত ও সমন্বিত পরিচর্যায় বিনিয়োগের আহ্বান জানানো হয়। শুরুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালিও অনুষ্ঠিত হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।