নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। বুধবার দুপুরে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১ সেন্টিমিটার, যা বিপদসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটারের নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উত্তরের চার জেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, যদিও সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিয়েছে। সংস্থাটি জানায়, দেশের সব প্রধান নদ-নদী বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, তিস্তা, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীসহ কয়েকটি নদী সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে অতি ভারি এবং রংপুর বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও ভারি বৃষ্টিপাতের ফলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।