অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা চলতি ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের ৯ হাজার ৬৯ কোটি টাকার তুলনায় বেশি। বৃহস্পতিবার বিকেলে স্পিকার মেজর (অব.) এম হাফিজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করা হয়, যা এর আগে সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটিতে অনুমোদিত হয়।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার টেকসই ব্যবস্থাপনা ও প্রশমনে গুরুত্ব দিচ্ছে। তিনি আরও জানান, মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত ১১ লক্ষাধিক নাগরিকের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। বাজেটে গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, খাদ্য বিতরণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও খাল খনন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া ‘ন্যাশনাল ইমারজেন্সি অপারেশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ, ৫২১ কোটি টাকায় আধুনিক উদ্ধার সরঞ্জাম ক্রয়, স্যাটেলাইট প্রযুক্তিতে দুর্যোগ পূর্বাভাস জোরদার এবং এসএমএস সতর্কবার্তা ও টোল-ফ্রি আবহাওয়া সেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।