প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদের দোসর এবং আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ঢাকায় ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধেও উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধ আরও সুসংহত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সম্পর্ককে টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিদ্যমান চ্যালেঞ্জ সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের ওপর জোর দেওয়া হয়। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।