সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৪৬ সেকেন্ডের ওই ভিডিওটি সারিঘাট ঢুপি গ্রামের ফয়জুল ইসলাম ফজলুর ঘরে ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়। বুধবার ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা ভিডিওটির সত্যতা দাবি করলেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা যায়নি। চেয়ারম্যানের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা যাওয়া ফয়জুল ইসলাম পরে ফেসবুকে পোস্ট দিয়ে অভিযোগ করেন, চেয়ারম্যান তাকে মাদক সেবনে অভ্যস্ত করে তার স্ত্রীকে সম্পর্কের প্রলোভন দেখিয়েছেন। এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। স্থানীয় বিএনপি নেতারা জানান, তারা এখনো বিষয়টি যাচাই করেননি।
জৈন্তাপুর থানার ওসি জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ জমা পড়েনি, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।