সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই করার অভিযোগের পর কনিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে তাঁর বাড়ি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। ৩৫ বছর বয়সী কনিকা ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ২টায় মারা যান। পরিবারের অভিযোগ, ফরিদপুরের সমরিতা হাসপাতালে অপারেশনের সময় তাঁর পেটে গজ রেখে দেওয়া হয়েছিল।
নিহতের ভাসুর সমির মণ্ডল জানান, ২৯ জুন কনিকা মণ্ডলকে সিজারিয়ানের জন্য সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সন্ধ্যায় চিকিৎসক লক্ষ্মী রানী দত্তের অপারেশনে তিনি কন্যাসন্তান প্রসব করেন। পরদিন থেকে তাঁর পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। পরে ৩ জুলাই তাঁকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
স্বামীর দাবি, চিকিৎসক আব্দুল জলিলের তত্ত্বাবধানে ৭ জুলাই পরীক্ষা-নিরীক্ষায় পেটে গজ থাকার বিষয়টি ধরা পড়ে এবং সেদিন অস্ত্রোপচারে তা বের করা হয়। সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার মন্ত্রীর নির্দেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী পরিবারকে সমবেদনা জানান, নিজ তহবিল থেকে ৫০ হাজার টাকা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।