চীন থেকে জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্ট্র্যাটেজিক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ এখন এ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং ২০২৪ সালের ৫ আগস্টের আগে এমন সিদ্ধান্ত কল্পনাও করা যেত না।
জাহেদ উর রহমান সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংক্ষিপ্ত যুদ্ধে জে-১০-এর কার্যকারিতার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, পাকিস্তান চীনের তৈরি এ বিমান ব্যবহার করে ভারতের ফ্রান্স থেকে কেনা রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার পর জে-১০ ব্যাপক প্রশংসা পেয়েছে। বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে বিমানটির পারফরম্যান্সের কারণে বাংলাদেশ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও তিনি জানান।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে ধারাবাহিক আলোচনা চলেছে। কূটনৈতিক সূত্রের ভাষ্য অনুযায়ী, এ কেনাকাটায় ভারতের আপত্তি রয়েছে; তবে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের এ বিষয়ে কোনো উদ্বেগ নেই।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।