আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত ও গোপালগঞ্জের অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফুয়াদ বলেন, এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। তিনি অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্ন খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল এবং জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের রয়েছে। জাতীয় স্বার্থবিরোধী বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ মেনে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি পার্বত্য সংকটকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখার কথা বলেন। একই সঙ্গে অঞ্চলের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা এবং অভিন্ন জাতীয় পরিচয় ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার ওপর জোর দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।