ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
মো. আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনার দেশে ফেরা ও আত্মসমর্পণের ইচ্ছা নিয়ে আইনি ও প্রাতিষ্ঠানিক অবস্থান তুলে ধরতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম মঙ্গলবার, ১০ নভেম্বর সংবাদ সম্মেলন করবে। রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন হাসিনা এবং এ উদ্দেশ্যে তিনি নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন সংস্থা ম্যাট্রিক্স চেম্বারসের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানান। সূত্রে বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তিনি ভারতে আশ্রয় নেন। ২০২৫ সালের নভেম্বরে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। দণ্ডিত ও পলাতক আসামিকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান বলে ট্রাইব্যুনাল জানিয়েছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।