হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে সরকার তিন সদস্যের কমিশন গঠন করেছে। কমিশনটি ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এ-সংক্রান্ত দায়দায়িত্বও পর্যালোচনা করবে। হামের প্রাদুর্ভাবে বিপুলসংখ্যক শিশুর মৃত্যু ও টিকার সংকট নিয়ে দীর্ঘদিনের সমালোচনার পর বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬-এর ৩ ধারায় কমিশনটি গঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমান কমিশনের সভাপতি। সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
কমিশন বিলম্বের কারণ, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতা চিহ্নিত করে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায় নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে সুপারিশ দেবে। তারা দেশের যেকোনো স্থান পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। প্রজ্ঞাপন জারির দিন থেকে ৬০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে; স্বাস্থ্যসেবা বিভাগ প্রয়োজনীয় সহায়তা দেবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।