বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিন দিন পর মো. রাকিব খান (২৬) নামে এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার রাকিব খান উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নজরুল ইসলাম খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে রাকিব খানকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত বলা হয়েছে। মোংলা থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মোংলা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।