অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম সোমবার জাতীয় প্রেস ক্লাবের এক সেমিনারে আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র ও সাম্প্রতিক সহিংসতার কঠোর সমালোচনা করেন। ‘আওয়ামীপনা’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে ভালো লোকও ভয়ানক রকমের বাটপার। তাঁর অভিযোগ, সহিংসতার মাধ্যমে দেশে লুটপাটতন্ত্র জারি রাখাই দলটির লক্ষ্য।
শফিকুল আলম বলেন, অতীতের অপরাধের যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত না হওয়ায় দলটি বারবার সহিংস রূপে ফিরে আসার সুযোগ পাচ্ছে। তিনি ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবের প্রসঙ্গ তোলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ঢাকায় প্রকাশ্যে মানুষ পিটিয়ে হত্যার ঘটনাগুলোর বিচার হয়নি। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’ আলোচনারও সমালোচনা করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ১৬ বছর ধরে খুন, গুম ও দমন-পীড়নের অভিযোগের বিচার এড়িয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রতিদিন হত্যার হুমকি পাওয়ার কথাও জানান তিনি। গত দুই সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সুশীল সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে জুলাইয়ের সব শক্তিকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান শফিকুল আলম।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।