প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে সোমবার নগরীর পাহাড়তলীর সাগরিকা মোড়ে আনন্দ মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। মিছিল-পূর্ব সমাবেশে তিনি বলেন, সম্প্রীতির বার্তা দিতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।
নোমান বলেন, গত ১২ ফেব্রুয়ারি সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দিয়ে আস্থা রেখেছিলেন এবং সেই আস্থার প্রতি শ্রদ্ধা জানাতেই প্রধানমন্ত্রীর এই সফর। তিনি স্মরণ করেন, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে গিয়েছিলেন। তৎকালীন স্থানীয় এমপি ও মন্ত্রী প্রয়াত আবদুল্লাহ আল নোমান তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বক্তব্য শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে সাগরিকা মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন নোমান। বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি সাগরিকা স্কয়ারে শেষ হয়। র্যালিতে তিনি কাঁধে ঢাক ঝুলিয়ে বাজান। পরে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে নগর বিএনপি, স্থানীয় বিএনপি এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।