প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সঙ্গে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিতের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর আলোকপাত করা হয়। দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর পেশাদারিত্ব ও গৌরবোজ্জ্বল অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের উন্নত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ে দুই দেশের অংশীদারিত্ব আরও প্রসারিত করার আগ্রহও তিনি প্রকাশ করেন। রোববার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।