জাতীয় নাগরিক পার্টির নেতারা ছয় দফা দাবিতে শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে তারা মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত পুরো পথে সরকার ও প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বিরোধী জোটের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি জনভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই কর্মসূচির কথা বলেন।
সকাল ৭টায় শাপলা চত্বরে জমায়েত শুরু হবে এবং উদ্বোধনী বক্তব্যের পর গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। সিদ্ধিরগঞ্জ, কুমিল্লা, ফেনী ও মিরসরাইয়ে সমাবেশের পরিকল্পনা রয়েছে; রাত ৯টা নাগাদ লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা। আয়োজকেরা জনভোগান্তি ও জ্বালানি সংকট বিবেচনায় পরিকল্পিত পাঁচ-ছয় হাজার গাড়ির বদলে প্রায় এক হাজার গাড়ি রাখার কথা জানিয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।