বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের স্ত্রী বিথী এগারো বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় আদালতে দায় স্বীকার করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড শেষে বিথী স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন বলে বাদীপক্ষের আইনজীবী এসএম পিয়ারুল ইসলাম নাসিম নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গৃহকর্মীর বাবা গোলাম মোস্তফা গত বছরের জুন মাসে তার মেয়েকে উত্তরা ৯ নম্বর সেক্টরে শফিকুর রহমানের বাসায় কাজে দেন। সর্বশেষ ২ নভেম্বর তিনি মেয়েকে সুস্থ অবস্থায় দেখেন। পরে ৩১ জানুয়ারি মেয়েকে ফেরত নেওয়ার সময় তার শরীরে গুরুতর জখম দেখতে পান। শিশুটি জানায়, শফিকুর রহমান, বিথী ও অন্যরা তাকে মারধর ও গরম খুন্তি দিয়ে ছেঁকা দেয়।
এ ঘটনায় ১ ফেব্রুয়ারি মামলা দায়েরের পর শফিকুর, বিথীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয় এবং কয়েকজন আসামি জবানবন্দি দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।