ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টি বা সিজেপি বৃহস্পতিবার নাগপুরে প্রতিবাদ ও জনসভার আয়োজন করেছে। ‘গণতন্ত্র বাঁচাও, সংবিধান বাঁচাও’ শীর্ষক কর্মসূচিটি স্থানীয় সময় বিকেল ৪টায় নাগপুরের সংবিধান চত্বরে হবে। দলের প্রতিষ্ঠাতা-আহ্বায়ক অভিজিৎ দীপকে জানিয়েছেন, এতে অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা যোগ দেবেন।
বুধবার সংবাদ সম্মেলনে দীপকে অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে এবং নির্বাচনে কারচুপির মাধ্যমে জনগণের রায়কে প্রভাবিত করা হচ্ছে। তাঁর দাবি, নির্বাচন এখন কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে তিনি বলেন, ড. বি আর আম্বেদকরের প্রণীত সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হওয়া উচিত।
খরাপীড়িত বিদর্ভ ও মারাঠওয়াড়ার কৃষকদের দুর্দশা ও সমস্যা তুলে ধরতে সিজেপি ছয় দিনের ‘ক্যা বলতি পাবলিক’ প্রচারাভিযানও শুরু করবে। রাঙ্কা বলেন, দলের সদস্যরা ওই দুই অঞ্চলে কৃষকদের সঙ্গে কথা বলবেন। মহারাষ্ট্রের বাইরে দিল্লি, কেরল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থানেও প্রচারাভিযান চলবে। এর লক্ষ্য তরুণ, কৃষক, শ্রমিক ও নারীদের সমস্যা এবং দাবি তুলে ধরার মঞ্চ দেওয়া।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।