চিলির ভেরা সি. রুবিন অবজারভেটরি মহাকাশের কসমস ফিল্ড নামে পরিচিত অঞ্চলের এযাবৎকালের সবচেয়ে স্পষ্ট ছবি প্রকাশ করেছে। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা, ৩.২ গিগাপিক্সেল বা ৩,২০০ মেগাপিক্সেল ক্ষমতার এলএসএসটি ক্যামেরায় তোলা ছবিটিতে ৫ লাখের বেশি গ্যালাক্সি এবং ৫০ হাজারের বেশি নক্ষত্র একসঙ্গে দৃশ্যমান হয়েছে। ক্যামেরাটি অবজারভেটরির ৮.৪ মিটার ব্যাসের সিমিওনি সার্ভে টেলিস্কোপের সঙ্গে যুক্ত।
এটি একক শট নয়; শত শত পৃথক ছবি স্তরে স্তরে বসিয়ে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে ফ্রেমটি তৈরি করা হয়েছে। এতে ক্ষীণ মহাজাগতিক আলোও ফুটে উঠেছে। ছবিতে হাতলযুক্ত প্যাঁচানো ও মসৃণ ডিম্বাকৃতির গ্যালাক্সি, সংঘর্ষরত গ্যালাক্সি এবং আদি মহাবিশ্ব থেকে আসা লালচে অস্পষ্ট গ্যালাক্সি দেখা যায়। সামনের দিকে মিল্কিওয়ের কয়েকটি উজ্জ্বল নক্ষত্রও রয়েছে।
কসমস ফিল্ড মিল্কিওয়ের ঘন সমতল থেকে দূরে হওয়ায় কাছের নক্ষত্রের আলো ও ধূলিমেঘের বাধা কম। ২০০৩ সাল থেকে হাবলসহ বিভিন্ন শক্তিশালী টেলিস্কোপ অঞ্চলটি পর্যবেক্ষণ করছে। রুবিনের ১০ বছর মেয়াদি লেগাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম একই অঞ্চল বারবার ধারণ করে পরিবর্তনের গতিশীল রেকর্ড গড়বে। পরিচালক বব ব্লাম বলেছেন, এটি কেবল শুরু; ভবিষ্যৎ পর্যবেক্ষণে নতুন মহাজাগতিক ঘটনা আবিষ্কারের সুযোগ রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।