রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে আট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো এক গোপনীয় নির্দেশনায় জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রভাবশালী বা সাংগঠনিকভাবে সক্রিয় নেতাকর্মীরা মুক্তির পর রাজনৈতিক তৎপরতা শুরু করতে পারেন—এমন আশঙ্কা থাকলে পুরোনো বা নতুন মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার বা ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে কারাগারে রাখার ব্যবস্থা নিতে হবে।
চিঠিতে বিশেষভাবে আওয়ামী লীগসহ নিষিদ্ধ বা কার্যক্রম স্থগিত থাকা সংগঠনের সক্রিয় নেতাকর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাদের সাংগঠনিক সক্ষমতা নেই বা মাঠপর্যায়ে তৎপর হওয়ার সম্ভাবনা কম, তাদের আপাতত পুনরায় গ্রেপ্তারের প্রয়োজন নেই বলে উল্লেখ করা হয়েছে। ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি স্বাক্ষরিত চিঠিতে বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল ও জরুরি হিসেবে উল্লেখ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলায় তা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা প্রতিরোধই এই পদক্ষেপের উদ্দেশ্য। পাশাপাশি ভিআইপি প্রটোকল ও নিরাপত্তা প্রদানে প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের নির্দেশও দেওয়া হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।