স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। তাঁর ভাষ্য, পতিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। রোববার সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে অনেক বছর পর সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসাহ-উদ্দীপনাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন সম্ভব হওয়াকে তিনি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। এই পরিবেশ নিশ্চিত করতে কাজ করা ব্যক্তিদের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদও জানান তিনি।
মন্ত্রী জানান, ডিজিটাল পদ্ধতি, বিভিন্ন প্রযুক্তি ও অ্যাপ ব্যবহার করে তৃণমূল থেকে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায় পর্যন্ত মনিটরিং ব্যবস্থা চালু ছিল। কেন্দ্রীয়ভাবে প্রতিটি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে বলে তিনি বলেন। তাঁর মতে, এই ব্যবস্থার ফলে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।