দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবার চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। এর আগে একই মামলায় চার দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আদালতে হাজির করে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে জানা গেছে মৃত নারী খুবই আবেগী ছিলেন এবং অভিমানে আত্মহত্যা করেন। পারিবারিক বিভিন্ন ঝামেলার কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলেও তদন্তে জানা গেছে। মামলার মূল রহস্য উদঘাটন, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য আরও নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা করেন। এতে গাজী নজরুল, তাঁর স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মাকসুদাকে ২২ সেপ্টেম্বর এবং ওবায়দুরকে ২৩ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।