জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এবং জনগণ তাদের প্রতি ক্ষুব্ধ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে জামায়াতে ইসলামীর মোহাম্মদপুর পূর্ব থানা আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দেশের কিশোর-দামালরা ফ্যাসিবাদের দুঃস্বপ্ন চুরমার করে দেবে।
এটিএম আজহার বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কর্মঠ হওয়ার কোনো বিকল্প নেই। সব কাজের ক্ষেত্রে বিবেকের দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি তিনি খোদাভীরুতার সর্বোচ্চ নজির স্থাপনের আহ্বান জানান।
ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় শিক্ষাশিবিরটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমির আবদুর রহমান মুসা ও মহানগরী সেক্রেটারি ড. রেজাউল করিম। আলোচকদের মধ্যে ছিলেন জাহিদুল ইসলাম, মোস্তফা ফয়সল পারভেজ ও জিয়াউল হাসান। দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ দারসুল কোরআন পেশ করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।