কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে কুয়েতের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বাহরাইনের মতে, এ হামলা আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।
বাহরাইন বলেছে, কুয়েতের নিরাপত্তাকে তারা নিজেদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে এবং ইরানকে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির বাধ্যবাধকতা মানাতে দৃঢ় ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার দাবি করেছে।
ইরানকে আঞ্চলিক দেশ ও জনগণের ওপর হামলা বন্ধ, হরমুজ প্রণালি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলের নিরাপত্তা নিশ্চিত এবং জলদস্যুতা প্রতিরোধের আহ্বানও জানিয়েছে বাহরাইন। ইরানের সামরিক বাহিনী কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। কুয়েতের সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।