বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অবিলম্বে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দাবি না মানলে আন্দোলন একদফায় রূপ নেবে। শনিবার মধ্যরাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার জাতির ক্ষতি করেছে এবং ১,৪০০-এর বেশি মানুষের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করছে না। একই দিনে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ এবং সংসদ নির্বাচনকে বৈধ বলা চরম প্রবঞ্চনা বলেও তিনি মন্তব্য করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ১১ দলের নিজস্ব কোনো দাবি নেই; সাত দফার সবগুলোই সাধারণ মানুষের দাবি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে। সমাবেশে এলডিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, জামায়াত, জাগপা, এবি পার্টি ও এনসিপিসহ জোটের নেতারা বক্তব্য দেন। এতে কয়েকজন সংসদ সদস্য এবং হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।