এআই মডেল প্রশিক্ষণ ও বাজারে ছাড়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের দাবিতে চারটি অলাভজনক সংগঠন অ্যানথ্রপিক, গুগল, মেটা, ওপেনএআই ও স্পেসএক্সের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে করা মামলায় তারা নতুন এআই মডেলের উন্নয়ন ও ব্যবহার স্থগিত চেয়েছে। মানুষের নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হওয়ার প্রমাণ মিললেই কার্যক্রম পুনরায় শুরুর সুযোগ দেওয়ার দাবি তাদের।
মামলাকারী সংগঠনগুলো হলো ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড, পাবলিক সিটিজেন, হিট ইনিশিয়েটিভ এবং অ্যালায়েন্স ফর সিকিউর এআই। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানগুলো এআই থেকে সৃষ্ট ‘বিপর্যয়কর ক্ষতি’ ঠেকাতে পারছে না। অভিযোগপত্রে এআই ব্যবহার করে চালানো সাইবার হামলা, অন্যান্য ক্ষতিকর আচরণের নথিভুক্ত ঘটনা এবং নিয়ন্ত্রণহীন এআই মানবজাতির জন্য হুমকি হতে পারে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সতর্কবার্তার উল্লেখ আছে।
বাদীরা পরবর্তী প্রজন্মের এআই মডেলের ওপর অবিলম্বে জরুরি নিষেধাজ্ঞা চেয়েছে। তবে নিষেধাজ্ঞা কার্যকর, প্রতিষ্ঠানগুলোর অনুগত্য যাচাই এবং তা প্রত্যাহারের শর্ত নির্ধারণের বিষয়গুলো এখনো স্পষ্ট নয়। ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড স্বাধীন ফেডারেল মূল্যায়নকারী ও নিয়ন্ত্রক সংস্থা, কঠোর দায়বদ্ধতা এবং ন্যূনতম এআই নিরাপত্তা সুরক্ষার প্রস্তাব দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।