গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদে এক বিলিয়ন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে কাতার। ওয়াশিংটন ডিসির ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিসে অনুষ্ঠিত পরিষদের প্রথম বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানি এই ঘোষণা দেন। তিনি শান্তি প্রতিষ্ঠা ও মধ্যস্থতায় কাতারের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ট্রাম্পের নেতৃত্বে পরিষদটি ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করবে।
শেখ মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, এই পরিকল্পনার বাস্তবায়ন ফিলিস্তিনি ও ইসরাইলি উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও সাম্য নিশ্চিত করবে। তিনি জানান, কাতারের এই সহায়তা একটি চূড়ান্ত সমাধানের পথে অগ্রসর হতে সহায়ক হবে, যেখানে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং ইসরাইলের নিরাপত্তা ও আঞ্চলিক সম্পৃক্ততার প্রত্যাশা পূরণ হবে।
চলতি বছরের ১০ জানুয়ারি ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধে উদ্যোগের অংশ হিসেবে শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন। পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজল্যুশন ২৮০৩-এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনাকাঠামো অনুমোদন করে, যার মধ্যে পুনর্গঠন, সহায়তা সমন্বয় ও আঞ্চলিক শান্তি প্রক্রিয়া অগ্রসর করার দায়িত্ব অন্তর্ভুক্ত।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।