প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর কোনো ধরনের সহিংসতা বা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেনি। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এবারের নির্বাচনী প্রক্রিয়ার ফলে গুম-খুনে ক্ষতিগ্রস্ত দল ও জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারীরা বিরোধী দলে প্রতিনিধিত্ব করবেন।
শফিকুল আলম জানান, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। উপদেষ্টা পরিষদের মতে, এই নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে। হাতিয়ায় ধর্ষণের ঘটনায় সরকার একটি তদন্ত কমিটি গঠন করবে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি কাতারের পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।