ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া দলীয় সব পদ এবং রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার বেলা ১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ সিদ্ধান্ত জানান। শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত পরিস্থিতি ও রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে তিনি স্বেচ্ছায় পদত্যাগের কথা বলেন।
৬৭ বছর বয়সী দেলোয়ার হোসেন মিয়া সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের বঞ্চনা, হামলা, মামলা ও কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি জানান, ১৯৭৭ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৭৮ সালে তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে ২৫ বছর বিভিন্ন জনসেবামূলক দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন তিনি। রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি কোনো ভুল বা কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।