বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধান খুঁজতে তরুণদের প্রশ্ন, মতামত এবং উদ্ভাবনী চিন্তাকে গুরুত্ব দিতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আইডিয়া ফেস্ট ২০২৫-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, তরুণদের স্বাধীনভাবে প্রশ্ন করার সুযোগ, কৌতূহল এবং মুক্তচিন্তার বিকাশ ঘটাতে হবে। তিনি তরুণদের শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে দেশ, সমাজ ও সমসাময়িক বিষয় নিয়ে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বিশ্ববিদ্যালয়সহ দেশে মতপ্রকাশ ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ তরুণদের সৃজনশীল চিন্তা, সাহসী প্রশ্ন এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান খোঁজার সক্ষমতার ওপর নির্ভর করছে। চূড়ান্ত পর্বে সাতটি দল কৃষি, স্বাস্থ্য, বাণিজ্যসহ বিভিন্ন জাতীয় সমস্যার সম্ভাব্য সমাধান উপস্থাপন করে। আয়োজকদের মতে, তরুণদের বাস্তবমুখী ধারণার মাধ্যমে সমস্যা সমাধানের নতুন সম্ভাবনা খোঁজাই ছিল আয়োজনের উদ্দেশ্য।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।