টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা শামীম আল মামুন আদালতে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে। সোমবার সকালে তিনি টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৪৬ বছর বয়সী শামীম মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে এবং মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশের গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত এবং হিমেল দৃষ্টিশক্তি হারান। ওই ঘটনার পর ইমনের ভাই সুমন ও হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন, যেখানে শামীম আল মামুনকে আসামি করা হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বলে প্রসিকিউশন সূত্র নিশ্চিত করেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।