যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো বড় আসরে শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের জন্য লড়াই করবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিকসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি সরকারের দীর্ঘমেয়াদি ক্রীড়া পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করে তাদের বিকাশে গুরুত্ব দেওয়া হবে। প্রথম আসরের সব খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের মধ্য থেকে নির্বাচিতদের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকার বহন করবে এবং প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে না ওঠা পর্যন্ত সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন রাতারাতি সম্ভব নয়; নতুন কার্যক্রম শূন্য থেকে শুরু হয়েছে। খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্ব, প্রতিশ্রুতি ও দেশপ্রেম নিশ্চিত করা গেলে পাঁচ বছর পর পদকের জন্য লড়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। খেলাধুলার মাধ্যমে সুস্থ, ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ জাতি গঠনের কথাও বলেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।