বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫টার দিকে এক শিক্ষার্থী চিকিৎসা নিতে এসে প্রেসক্রিপশনে দেওয়া ওষুধ না পেয়ে বাইরে থেকে কিনে আনতে বলা হলে পরে সহপাঠীদের নিয়ে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা গুরুতর অসুস্থ রোগীরা ভোগান্তিতে পড়েন, অনেকে অ্যাম্বুলেন্সেই অপেক্ষা করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় হাসপাতাল এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করে এবং শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
চিকিৎসকরা জানান, হামলার বিচার ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জরুরি সেবা চালু করা হবে না। ঢাবির সহকারী প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।