কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ ও নজরদারি আরও জোরদার করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেছেন, আগের তুলনায় দেশটির সামরিক প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেনাবাহিনীর বিমানবাহিনীর কমান্ডার, সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে তিনি জানান, সেনাপ্রধান জেনারেল হাতামির নির্দেশে প্রণালিটিতে কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি কার্যকর করা হয়েছে।
আকরামিনিয়া বলেন, সেনাবাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রস্তুতি বাড়ানো জরুরি। তার দাবি, আঞ্চলিক পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে অননুমোদিত জাহাজ চলাচলের কারণে ঝুঁকি বেড়েছে। সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়া চলাচল করা কিছু জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে বলেও তিনি দাবি করেন।
জাহাজমালিকদের তিনি সতর্ক করে বলেন, প্রণালি দিয়ে নিরাপদ চলাচলের জন্য ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। নতুন যুদ্ধব্যবস্থা, পুরোনো ব্যবস্থার উন্নয়ন এবং যুদ্ধ সক্ষমতা জোরদারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে এবং এ কার্যক্রম পূর্ণ শক্তিতে চলবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের চাপকে তিনি ইরানবিরোধী সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।