জামায়াতে ইসলামী’র নায়েবে আমির ও সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন, সরকারি দল ক্ষমতায় এসেই জুলাই সনদকে অবজ্ঞা করেছে। শনিবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদ শুরু হলে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে তা সমর্থন করেছিল। রাজনৈতিক দলগুলো পূর্বে সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও ক্ষমতায় এসে তা উপেক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন।
এ টি এম আজহার বলেন, জুলাই সনদ অস্বীকার করা মানে নির্বাচনের মূল্য অস্বীকার করা। তিনি বদরগঞ্জ ও তারাগঞ্জের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নই তার লক্ষ্য। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে দেখতে হবে এবং জনগণের বিশ্বাস রক্ষা করতে হবে।
তিনি জানান, কেন্দ্রীয় নেতা হিসেবে জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখবেন এবং বদরগঞ্জ-তারাগঞ্জের উন্নয়নে সরকারি বরাদ্দের পাশাপাশি অন্যান্য উৎস থেকেও অর্থ সংগ্রহ করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।