রাঙামাটির কাপ্তাইয়ে সীতার পাহাড়ে আটকে পড়া চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক উদ্ধারের পর সেখানে পর্যটকদের জন্য সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ ভবনের কিন্নরী সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নে কিছু মাদক সমস্যা দেখা দিয়েছে এবং তা নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ বলেন, যে দলেরই লোক হোক না কেন, দ্রুত মাদক নিয়ন্ত্রণ করতে হবে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন জানান, ২৮ আগস্ট চার পর্যটক কাউকে না জানিয়ে সুউচ্চ সীতার পাহাড়ের চূড়ায় উঠে আটকে পড়েন। ৯৯৯-এ ফোনের পর কাপ্তাই ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নিরাপদে আনে। বুনো হাতির আক্রমণের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়। ইউএনও ওয়াগ্গা ইউপি চেয়ারম্যানকে সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দেন এবং স্থানীয় নৌকা ও সাম্পান মাঝিদের পর্যটকদের সতর্ক করতে বলা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।