নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি গবেষক নাহিদা বৃষ্টি মারা গেছেন। শনিবার এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী বৃষ্টির মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
উপাচার্য তার শোকবার্তায় বলেন, বৃষ্টির এমন মৃত্যু সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ১৬ এপ্রিল থেকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। পরে তাদের দুজনেরই মৃত্যুর খবর নিশ্চিত হয়। বৃষ্টির পৈতৃক বাড়ি ফরিদপুর জেলায়। তার ভাই জাহিদ হাসান প্রান্ত ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।