স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে। রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের অন্তরা হলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য চীন, আসিয়ান, জাতিসংঘ, জাপানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে কৌশলগত আঞ্চলিক জোট ও সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা দরকার। তিনি জানান, জাপানের বিশেষ দূত সাসাকাওয়ার সাম্প্রতিক বাংলাদেশ সফরে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং জাপান সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
রাখাইনের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে অনানুষ্ঠানিক যোগাযোগসহ বহুমুখী কূটনৈতিক মাধ্যম ব্যবহারের কথা বলেন তিনি। মাসের শেষে প্রধানমন্ত্রীর জাপান সফরে প্রত্যাবাসন ত্বরান্বিত করার বিষয়টি আলোচনায় আসবে বলেও জানান। সেমিনারের বক্তারা বলেন, টেকসই প্রত্যাবাসনের জন্য ফেরত যাওয়া নাগরিকদের নিরাপত্তা, নাগরিকত্ব, বাসস্থান, জীবিকা এবং স্থানীয় সম্প্রদায়ের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।