ইউক্রেন দাবি করেছে, সোমবার রাতে কৃষ্ণসাগরে একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজে রাশিয়ার ড্রোন হামলা হয়েছে। ঘটনাটি ঘটে এমন সময়ে, যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরের প্রস্তুতি নিচ্ছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওডেসা অঞ্চলে রুশ ড্রোন হামলার সময় একটি ইউএভি চীনের মালিকানাধীন জাহাজে আঘাত হানে।
ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেতেনচুক বলেন, জাহাজের সব ক্রু চীনের নাগরিক এবং কেউ আহত হননি। ‘কেএসএল দেয়াং’ নামের জাহাজটি হামলার পরও গন্তব্যের পথে যাত্রা অব্যাহত রাখে। প্রকাশিত ছবিতে জাহাজের ওপরের অংশে আগুনে পোড়া দাগ দেখা গেছে। ইউক্রেন আরও জানায়, রাতে রাশিয়া ৫২৪টি ড্রোন ও ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
চীন যুদ্ধ বন্ধে আলোচনার আহ্বান জানালেও ২০২২ সালের রুশ আগ্রাসনের নিন্দা করেনি এবং নিজেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।