Web Analytics

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় দোকানে ঢুকে মো. আসলাম খান নামে ৪০ বছর বয়সী এক ব্যবসায়ীকে গুলি করেছে এক অজ্ঞাত যুবক। শনিবার রাত সোয়া ৮টার দিকে রয়্যাল হাসপাতালের সামনে লাকীজ কুকারিজে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে এক অভিযুক্তকে আটক করেন।

আসলামকে হাসপাতালে নেওয়া তার বন্ধু মনোয়ার হোসেন বলেন, তারা দোকানের ভেতরে কথা বলছিলেন। তখন যুবকটি দোকানে ঢুকে কিছু বোঝার আগেই পিস্তল দিয়ে আসলামকে লক্ষ্য করে গুলি করে। দুই রাউন্ড গুলির পর আসলাম পাশে থাকা হাঁড়ি-পাতিল ছুড়ে মেরে চিৎকার করে দোকান থেকে বের হন। তার বাম পায়ের হাঁটুর নিচে ও কপালের ডান পাশে আঘাত লাগে।

পুলিশের ওয়ারী অঞ্চলের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী জানান, আটক ব্যক্তির কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার নাম মনজুরুল ইসলাম বলে জানা গেছে। হামলার উদ্দেশ্য বা পূর্বশত্রুতার কোনো সম্পর্ক ছিল কি না, তা এখনো জানা যায়নি। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, কদমতলী থানাকে বিষয়টি জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।