স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেয়ার কারণে তালাকপ্রাপ্ত ফেনীর বিবি জহুরা ও তার তিন সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার স্বামীর বাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংগঠনটি জানায়, জহুরার সংসার পরিচালনা, সন্তানদের ভরণপোষণ ও পড়ালেখার দায়িত্ব বিএনপি নেবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে নগদ অর্থ সহায়তা নিয়ে তারা জহুরার বাড়িতে যান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সংগঠনের পক্ষ থেকে প্রতি মাসে পরিবারের খরচের অর্থ পৌঁছে দেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে জহুরার জন্য একটি নতুন ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও স্থানীয় বিএনপি নেতারা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।