দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার চলাকালে দেশে আসেননি; এখন আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দিচুক্তির মাধ্যমেই তাঁকে ফিরতে হবে। শনিবার সকালে কুড়িগ্রামের নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুলু আওয়ামী লীগকে সন্ত্রাসী ও মাফিয়া দল হিসেবে আখ্যা দেন। তাঁর বক্তব্য, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে দলটি প্রমাণ করেছে যে তারা শুধরাবে না। আন্তর্জাতিক নদীর পানিবণ্টন নিয়েও তিনি কঠোর অবস্থান জানান এবং বলেন, একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি মেনে নেওয়া হবে না।
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটির সমীক্ষার কাজ শেষ হয়েছে এবং তা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তিস্তা পাড়ের মানুষ খুব শিগগির এ বিষয়ে সুখবর পাবেন। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।