সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে তথ্য চেয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চিঠি দিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, চিঠির কোনো জবাব এখনো পাওয়া যায়নি; জবাব পাওয়ামাত্র বিষয়টি জানানো হবে। সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আকাশপথে যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। এর আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন ওমরাহ যাত্রী এবং অন্যজন অভিবাসী কর্মী। তবে পরে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নটি পুরোপুরি না বুঝে তিনি সৌদি আরবের একটি বিমানবন্দরে নিহত দুই বাংলাদেশির বিষয়ে উত্তর দিয়েছিলেন।
সৌদি আরবের একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি জানান, যাত্রীদের সুবিধার জন্য আগামী কয়েক দিনের মধ্যে বেবিচক বা বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আরও পর্যাপ্তসংখ্যক ট্রলি যুক্ত করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।